মাদারগন্জে র‍্যাবের অভিযানে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার


মোঃ আনিছুর রহমান শাহীন, মাদারগন্জ উপজেলা প্রতিনিধি প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
মাদারগন্জে র‍্যাবের অভিযানে ভিজিডির ৪৬ বস্তা চাল উদ্ধার

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় কালোবাজারির উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ করা ভিজিডি কর্মসূচির ৪৬ বস্তা চাল উদ্ধার করেছে র‍্যাব-১৪। অভিযানে মোট ১ হাজার ৩৮০ কেজি সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, সিধুলী ইউনিয়নের লোটাবর গ্রামের ওসমান মন্ডলের ছেলে সাজেল ও সাইফুল এবং হাটবাড়ী এলাকার জাফর মন্ডলের ছেলে সরোয়ার হোসেন পাজি দীর্ঘদিন ধরে সরকারি চাল অবৈধভাবে ক্রয়-বিক্রয় ও বিভিন্ন এলাকায় পাচারের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করে।

জামালপুর র‍্যাব-১৪ এর কমান্ডার মেজর লাবিদ আহমেদ এবং মাদারগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও’র নেতৃত্বে র‍্যাব সদস্যরা শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় সাজেলের গুদামে অভিযান চালান। অভিযানের সময় ৩০ কেজি ওজনের ৪৬ বস্তা সরকারি ভিজিডির চাল উদ্ধার করা হয়।

তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধার করা চাল মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

মাদারগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও জানান, প্রধান অভিযুক্ত সাজেল মিয়া বর্তমানে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, তদন্তের মাধ্যমে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে র‍্যাব-১৪ এর কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানিয়েছেন, সরকারি খাদ্যসামগ্রী অবৈধ মজুদ ও পাচারের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।