
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে ১০ হাজার গাছের চারা রোপণের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার পূল্যাকান্দী সড়কের দুই পাশে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির নির্দেশনায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল যৌথভাবে এ আয়োজন করে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাঈদ বিন আনোয়ার সজীবের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মুহাম্মদ জহুরুল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সিনিয়র সহ-সভাপতি বাবু শ্যামল চন্দ, পৌর বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রুহেল, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল মামুনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সভাপতি বিপ্লব মন্ডল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সানি, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম আমীর, জিয়াউল হক বাবু, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান নয়ন এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান আসিফসহ ছাত্রদলের নেতৃবৃন্দ।
কর্মসূচি সম্পর্কে সাঈদ বিন আনোয়ার সজীব বলেন, চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে ৮ হাজার এবং পৌরসভা এলাকায় আরও ২ হাজার গাছের চারা রোপণ করা হবে। তিনি বলেন, “বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং হারিয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”
আপনার মতামত লিখুন :