
ছোটপর্দা থেকে বলিউড—দুই জায়গাতেই সমান জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২২ সালে তিনি বিয়ে করেন ব্যবসায়ী সুরজ নাম্বিয়ারকে। বাঙালি ও মালায়ালি রীতিতে হওয়া সেই বিয়ে তখন ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। তবে চার বছরের দাম্পত্য জীবন ঘিরে এখন নতুন করে উঠেছে বিচ্ছেদের গুঞ্জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করেই বদলে গেছে এই তারকা দম্পতির সম্পর্কের চিত্র। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে খবর, একে অপরকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন মৌনী ও সুরজ। পাশাপাশি অভিনেত্রীর প্রোফাইলে আর দেখা যাচ্ছে না স্বামীর কোনো ছবি, যা নিয়েই মূলত শুরু হয়েছে জল্পনা।
একসময় সামাজিক মাধ্যম ছিল তাদের ভালোবাসা ও ঘনিষ্ঠ মুহূর্তে ভরপুর, যেখানে নিয়মিতই একসঙ্গে ছবি ও ভিডিও শেয়ার করতেন তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই উপস্থিতি প্রায় নেই বললেই চলে। এই পরিবর্তনই অনুরাগীদের মধ্যে সম্পর্ক ভাঙার গুঞ্জন আরও জোরালো করেছে।
তবে এখন পর্যন্ত এ বিষয়ে মৌনী রায় বা সুরজ নাম্বিয়ার—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। ফলে পুরো বিষয়টি আপাতত শুধুই জল্পনা ও অনুমানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
অনেকে মনে করছেন, ব্যক্তিগত বা গোপনীয়তার কারণে অনেক তারকাই মাঝেমধ্যে সামাজিক মাধ্যম থেকে ছবি সরিয়ে ফেলেন বা দূরত্ব বজায় রাখেন। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এই গুঞ্জনকে নিশ্চিতভাবে বিচ্ছেদ বলা যাচ্ছে না।
তবু জনপ্রিয় এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন ঘিরে ভক্তদের কৌতূহল ক্রমেই বাড়ছে। এখন সবাই অপেক্ষায় রয়েছেন, মৌনী রায় বা সুরজ নাম্বিয়ার কবে এই বিষয়ে মুখ খোলেন।
আপনার মতামত লিখুন :