চে গুয়েভারার অজানা গল্প নিয়ে কান চলচ্চিত্র উৎসবে নতুন চমক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
চে গুয়েভারার অজানা গল্প নিয়ে কান চলচ্চিত্র উৎসবে নতুন চমক

বিশ্বজুড়ে বিপ্লবের প্রতীক হিসেবে পরিচিত চে গুয়েভারা। টি-শার্ট, পোস্টার কিংবা দেয়ালচিত্র—সবখানেই আজও তার পরিচিত মুখ দেখা যায়। তবে তার সঙ্গে মৃত্যুর আগ পর্যন্ত যেসব সহযোদ্ধা লড়াই চালিয়ে গিয়েছিলেন, তাদের অজানা গল্প এবার বড় পর্দায় তুলে ধরা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, “চে গুয়েভারা: দ্য লাস্ট কম্পেনিয়ন্স” নামের একটি নতুন প্রামাণ্যচিত্র চলতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। ছবিটি নির্মাণ করেছেন ফরাসি নির্মাতা ক্রিস্তফ দিমিত্রি রেভেই এবং এটি উৎসবের বিশেষ প্রদর্শনী বিভাগে জায়গা পেয়েছে।

প্রামাণ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে চে গুয়েভারার তিন সহযোদ্ধার জীবনসংগ্রাম। বলিভিয়ায় চে গুয়েভারার মৃত্যুর পরও তারা দীর্ঘ সময় আত্মগোপনে থেকে লড়াই চালিয়ে যান। পাহাড়ি দুর্গম পথ, ক্ষুধা, তৃষ্ণা ও নানাবিধ বিপদের মধ্যেও টিকে থাকার সেই সংগ্রামী জীবনই ফুটে উঠেছে ছবিতে। এদের মধ্যে একজন এখনো জীবিত আছেন। তার স্মৃতি, পুরোনো সাক্ষাৎকার এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানের দৃশ্য মিলিয়ে নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র।

নির্মাতা ক্রিস্তফ দিমিত্রি জানিয়েছেন, প্রায় দুই দশক ধরে তিনি এই প্রকল্প নিয়ে কাজ করেছেন। প্রথমে চে গুয়েভারার এক সহযোদ্ধাকে কেন্দ্র করে কাজ শুরু করলেও পরে ধীরে ধীরে অন্যদের গল্পও এতে যুক্ত হয়। তার মতে, ইতিহাসে চে গুয়েভারার নাম যতটা আলোচিত, তার পাশে থাকা যোদ্ধাদের গল্প ততটাই অজানা রয়ে গেছে।

ছবিতে দেখানো হয়েছে কীভাবে সাধারণ কৃষক পরিবারের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। কেউ প্রিয়জন হারিয়েছেন, কেউ প্রত্যক্ষ করেছেন নির্যাতন—সেই যন্ত্রণাই তাদের বিপ্লবের পথে ঠেলে দেয়। নির্মাতা আরও বলেন, তিনি চে গুয়েভারাকে একই সঙ্গে শ্রদ্ধা ও প্রশ্ন—দুই দৃষ্টিকোণ থেকেই দেখেন। তার মতে, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্য সঠিক হলেও সেই পরিবর্তনের পথ নিয়ে বিতর্ক থেকেই যায়।

কান উৎসবে নির্বাচিত হওয়ায় নির্মাতা আনন্দ প্রকাশ করলেও তিনি আক্ষেপ করেছেন, ছবির অন্যতম চরিত্র বেনিনিও আর জীবিত নেই, ফলে তিনি নিজের কাজটি দেখে যেতে পারেননি। চে গুয়েভারার মৃত্যুর এত বছর পরও তার বিপ্লবী জীবন ও সহযোদ্ধাদের গল্প বিশ্বজুড়ে নতুন করে আগ্রহ তৈরি করছে। এই প্রামাণ্যচিত্র সেই অজানা অধ্যায়কেই নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে।