
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)। সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
এর আগে একই দিনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদও পদত্যাগ করেন।
ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া লেখেন, “I have officially resigned from my position as the Assistant Proctor at the University of Dhaka.”
তিনি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরিকল্পনা ছিল না তার। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক কাজে যুক্ত হওয়ার আগ্রহ ছিল না বলে উল্লেখ করেন তিনি।
তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের ফোন পাওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণে আগ্রহী হন বলে জানান। পোস্টে তিনি লেখেন, “আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ—এত বড় দায়িত্ব, যা সাধারণত সিনিয়র শিক্ষকেরা পান, সেই দায়িত্বে আমি!”
সাবেক প্রক্টর সাইফুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, গত দুই বছরে তার কাছ থেকে ধৈর্য, সংযম ও শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর শিক্ষা পেয়েছেন।
জুলাই আন্দোলনের পরবর্তী সময়কে “অভূতপূর্ব অভিজ্ঞতা” হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কোনো প্রক্টরিয়াল টিমকে হতে হয়নি বলে তার ধারণা।
নতুন প্রক্টর ও তার টিমের জন্য শুভকামনা জানিয়ে পোস্টের শেষাংশে তিনি লেখেন, “It was an absolute honour to serve with my team and under the leadership of our Proctor Saifuddin Ahmed sir.”
পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, “Congratulations to our new Proctor and his team. Wishing this team all the best in carrying out this significant responsibility.”
আপনার মতামত লিখুন :