
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দেশের প্রখ্যাত নাট্যজন আতাউর রহমান। গত ৮ মে বাসায় পড়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে প্রথমে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে আইসিইউ সাপোর্টে রাখার পরামর্শ দেন। তবে সেখানে তাৎক্ষণিকভাবে আইসিইউ সুবিধা না থাকায় পরে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিবার সূত্রে জানা গেছে, ধানমন্ডির হাসপাতালে ভর্তি করার পর তাকে প্রথমে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিছুটা উন্নতি হওয়ায় শনিবার (৯ মে) লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও পরবর্তীতে অবস্থার অবনতি ঘটে। পরে রোববার (১০ মে) তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সোমবার (১১ মে) দুপুরে তার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিশ্চিত করেন মেয়ে শর্মিষ্ঠা রহমান। তিনি জানান, “আব্বার অবস্থা খুবই জটিল। শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।”
আতাউর রহমান দেশের নাট্যাঙ্গনের এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তিনি একাধারে নাট্যজন, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই গুণী শিল্পী দেশীয় সংস্কৃতি ও নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সংস্কৃতি অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্য, সহকর্মী ও সংস্কৃতি অঙ্গনের মানুষজন।
আপনার মতামত লিখুন :