
ঢালিউডের প্রয়াত কিংবদন্তি নায়ক আসলাম তালুকদার মান্না এবং দক্ষিণ ভারতের সুপারস্টার ও থালাপতি বিজয়-এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক ফ্রেমে দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকাকে দেখা যাওয়ায় নেটিজেনদের মধ্যে কৌতূহল ও বিভ্রান্তি তৈরি হয়েছে।
ভাইরাল ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বিজয়। ছবিটি প্রায় ২০ বছর আগের বলে দাবি করা হলেও এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা নিয়ে চলছে নানা মতভেদ।
তথ্য অনুযায়ী, ২০০০ সালের দিকে চিত্রনায়ক মান্না ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জিকে নিয়ে একটি চলচ্চিত্র প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন এবং সে সময় ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্টুডিওতে তার যাতায়াত ছিল। একই সময়ে থালাপতি বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়। ফলে সে সময় তাদের দেখা হয়ে থাকতে পারে—এমন ধারণাও সামনে এসেছে।
এ বিষয়ে মান্নার স্ত্রী শেলি মান্না জানিয়েছেন, বিষয়টি অনেক আগের হওয়ায় সঠিকভাবে মনে নেই, তবে বিজয়ের সঙ্গে তার দেখা হয়ে থাকতেও পারে। অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি।
এদিকে বিভিন্ন ছবি শনাক্তকারী টুলে ছবিটির এআই সম্ভাবনা নিয়ে ভিন্ন ভিন্ন ফল পাওয়া গেছে। কোথাও খুব সামান্য এআই সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেলেও কোনোটি নিশ্চিতভাবে ছবিটিকে কৃত্রিম বলে চিহ্নিত করেনি।
নেটিজেনদের একাংশের দাবি, পুরোনো একটি ছবিতে আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে থালাপতি বিজয়ের মুখ যুক্ত করা হতে পারে। আবার অনেকেই মনে করছেন, এটি বাস্তব কোনো পুরোনো মুহূর্তের ছবি।
ছবিটি আসল হোক বা প্রযুক্তিনির্ভর সম্পাদিত—এটি ঘিরে মান্নার স্মৃতি ও তার ভক্তদের আবেগ নতুন করে আলোচনায় এসেছে। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মান্না ও থালাপতি বিজয় দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা গণমানুষের নায়ক হিসেবে দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছেন।
আপনার মতামত লিখুন :