হঠাৎ ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৪:৩২ অপরাহ্ণ
হঠাৎ ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। রোববার (১০ মে) তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম-এর কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কারণেই তিনি প্রক্টর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। এই মুহূর্তে আমি বিশ্রামে থাকতে চাই।” এদিকে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, প্রক্টরের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। ওই সময়ের রাজনৈতিক পরিবর্তনের পর গত বছরের ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পরবর্তীতে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসে। এরপর গত দুই মাসে বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এর মধ্যেই প্রক্টরের পদত্যাগ বিশ্ববিদ্যালয় প্রশাসনে নতুন আলোচনা তৈরি করেছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় প্রক্টরের পদত্যাগ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হবে। তবে এখন পর্যন্ত তার পদত্যাগের পেছনে ব্যক্তিগত কারণ ছাড়া অন্য কোনো ব্যাখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।