সুনামগঞ্জ পৌর কিচেন মার্কেট আধুনিকায়নের উদ্যোগ ঘোষণা করলেন এমপি


সুনামগঞ্জ প্রতিনিধি, শফিকুল বারী প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
সুনামগঞ্জ পৌর কিচেন মার্কেট আধুনিকায়নের উদ্যোগ ঘোষণা করলেন এমপি

সুনামগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী কিচেন মার্কেটকে আধুনিক ও স্বাস্থ্যসম্মত বাজারে রূপান্তরের মহাপরিকল্পনা ঘোষণা করেছেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল। অবকাঠামোর আধুনিকায়ন, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ এবং সুশৃঙ্খল বাজার ব্যবস্থাপনা গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

রবিবার (১০ মে) দুপুরে শহরের মাছ বাজার এলাকায় বাজার মনিটরিং শেষে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব পরিকল্পনার কথা জানান।

এ সময় তিনি বাজারের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে আধুনিক অবকাঠামো নির্মাণ, পর্যাপ্ত আলো-বাতাস নিশ্চিত করে উন্নতমানের স্টল তৈরি, দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান এবং বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু করা।

এছাড়া ক্রেতা-বিক্রেতাদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল বলেন, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারেন, সেটিই সরকারের লক্ষ্য। কিচেন মার্কেট আধুনিকায়নের মাধ্যমে শহরের ব্যবসায়িক পরিবেশে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় ও পরিদর্শনকালে সুনামগঞ্জ পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও সেখানে অংশ নেন। তারা ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এমপি নুরুল ইসলামের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা। তারা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থার কারণে বাজারে ভোগান্তি তৈরি হয়েছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বাজারটি আরও পরিচ্ছন্ন, আধুনিক ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।