কলমাকান্দায় খালে ডুবে প্রা’ণ গেল তিন বছরের শিশুর


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
কলমাকান্দায় খালে ডুবে প্রা’ণ গেল তিন বছরের শিশুর

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে তাইফা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার পোগলা ইউনিয়নের দক্ষিণ সুনই গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তাইফা মনি স্থানীয় বাসিন্দা তরিকুল ইসলাম ও রুবি আক্তার দম্পতির একমাত্র সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে উঠানে খেলছিল শিশু তাইফা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি খাল থেকে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয়ের আশপাশে শিশুদের নিরাপত্তায় পরিবারকে আরও সতর্ক থাকতে হবে। সামান্য অসতর্কতাও বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।