
দেওয়ানগঞ্জ পৌরসভা-এর দীর্ঘদিনের প্রত্যাশিত ডাম্পিং স্টেশন ও বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রকল্পটির প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হওয়ায় এখন এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।
জানা যায়, চর কালিকাপুর এলাকায় ২০২২ সালের ২৫ মে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ৮ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্পটি বাস্তবায়ন করছে পৌর প্রকৌশলী বিভাগ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
তবে নির্মাণ শুরুর পর সাবেক মেয়রের বিরুদ্ধে অনিয়ম, রাজনৈতিক কোন্দল এবং রাস্তার জমি সংক্রান্ত জটিলতার কারণে কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। এক পর্যায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানও কাজ থেকে সরে যায়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পুনরায় কাজ শুরু হয় এবং বর্তমানে তা শেষ পর্যায়ে রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টদের মতে, এই কেন্দ্র চালু হলে পৌর এলাকার সব ধরনের বর্জ্য পৃথকভাবে প্রক্রিয়াজাত করা হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার উৎপাদন করে বাজারজাত করা হবে, যা কৃষকদের জন্য উপকারী হবে এবং পরিবেশ দূষণও কমাবে।
এছাড়া এখানে অত্যাধুনিক গ্যাসিফায়ার মেশিন স্থাপন করা হবে, যার মাধ্যমে প্লাস্টিকজাত বর্জ্য প্রক্রিয়াজাত করে বিশেষ ধরনের কালি উৎপাদন করা হবে, যা দেশীয় বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানিরও সম্ভাবনা তৈরি করবে।
প্রকল্পটি পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। তারা জানান, কাজ শেষ হলে এটি দেওয়ানগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে।
স্থানীয় নেতাদের মতে, প্রকল্পটি চালু হলে দীর্ঘদিনের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধান হবে এবং পৌর এলাকা আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপ নেবে।
আপনার মতামত লিখুন :