বিএমইউ’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৯, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
বিএমইউ’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।

বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আদেশে বলা হয়, অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী সব সুযোগ-সুবিধা ভোগ করবেন।

অধ্যাপক ডা. মোস্তফা কামাল চিকিৎসা বিজ্ঞানের অ্যানেসথেসিওলজি, অ্যানালজেসিয়া ও ক্রিটিক্যাল কেয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা মনে করেন।

শিক্ষক ও চিকিৎসক মহলের মতে, তার অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষার মানোন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হচ্ছে। বিএমইউ’র শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা মনে করছেন, নতুন রেজিস্ট্রারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং দেশের স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক প্রভাব পড়বে।