দেওয়ানগঞ্জে বিশেষ অভিযানে দুই মাদককারবারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।


মোঃ লাবলু মিয়া দেওয়ানগঞ্জ প্রতিনিধি প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ণ
দেওয়ানগঞ্জে বিশেষ অভিযানে দুই মাদককারবারী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদককারবারীকে আটক করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। শুক্রবার ভোরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে মো. নুরু ও হাবিব নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহ জহরুল হোসেন তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, মাদক নির্মূলে প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় প্রশাসনের দাবি, উপজেলায় মাদককারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।

দেওয়ানগঞ্জে যোগদানের পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহরুল হোসেন মানবিক, সামাজিক এবং অপরাধ দমনমূলক বিভিন্ন কর্মকাণ্ডে কঠোর অবস্থান গ্রহণ করায় স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন। সাপ্তাহিক ছুটির দিনেও তাকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

এ বিষয়ে ইউএনও শাহ জহরুল হোসেন বলেন, “আমি দেওয়ানগঞ্জে থাকা অবস্থায় কোনো মাদককারবারী কিংবা মাদক বিক্রেতাকে ছাড় দেওয়া হবে না। দেওয়ানগঞ্জকে মাদকমুক্ত ও একটি সুন্দর রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।”

স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তারা।