টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সাংসদ দেব জানিয়েছেন, তিনি আর সক্রিয় রাজনীতিতে থাকতে চান না। বরং আগের মতোই পুরোপুরি মনোযোগ দিতে চান চলচ্চিত্র অভিনয়ে।
তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৪ সালে রাজনীতিতে যোগ দেন দেব। এরপর দীর্ঘ এক দশকের বেশি সময় তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তবে সম্প্রতি রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি নিজের অবস্থান নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।
বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেব রাজ্য সরকারের পরিবর্তনকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও জনগণের কণ্ঠস্বর নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।
একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি। শৈল্পিক স্বাধীনতা ও ঐক্য বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
নিজের নির্বাচনী এলাকা ঘাটাল প্রসঙ্গে দেব বলেন, দীর্ঘদিনের প্রত্যাশিত “ঘাটাল মাস্টার প্ল্যান” বাস্তবায়নে তিনি নতুন সরকারের সহযোগিতা আশা করছেন। স্থানীয় উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার সরাসরি মন্তব্য—তিনি আর রাজনীতিতে বেশি জড়াতে চান না এবং আগের মতোই পুরো মন দিয়ে অভিনয়েই ফিরে যেতে চান।
দেব আরও জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের পাশে তিনি নেপথ্য থেকে সবসময় থাকবেন। তবে সক্রিয় রাজনীতির দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে চান। তার এই ঘোষণাকে ঘিরে ভক্ত ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ তাকে সম্পূর্ণভাবে রাজনীতি থেকে সরে এসে অভিনয়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন, আবার অনেকেই মনে করছেন—তিনি চাইলে দুই ক্ষেত্রেই সমানভাবে ভূমিকা রাখতে পারেন।
আপনার মতামত লিখুন :