রোদ ও ওষুধেও বাড়ছে না ভিটামিন ডি, জানুন কারণ 


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ১:৫৪ অপরাহ্ণ
রোদ ও ওষুধেও বাড়ছে না ভিটামিন ডি, জানুন কারণ 

পর্যাপ্ত রোদে থাকা কিংবা নিয়মিত ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণের পরও অনেকের শরীরে এই গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি থেকে যাচ্ছে। চিকিৎসকদের মতে, বর্তমানে এটি একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। অনেকেই দীর্ঘদিন এই ঘাটতিতে ভুগলেও শুরুতে তা বুঝতে পারেন না।

অন্ত্রের রোগে কমে যায় শোষণ ক্ষমতা
ভিটামিন ডি শরীরে কার্যকর হতে হলে তা সঠিকভাবে হজম ও শোষিত হওয়া প্রয়োজন। কিন্তু সিলিয়াক ডিজিজ, ক্রোন রোগ কিংবা দীর্ঘস্থায়ী হজমজনিত সমস্যার কারণে অন্ত্র ঠিকভাবে ভিটামিন শোষণ করতে পারে না। ফলে পুষ্টিকর খাবার বা সাপ্লিমেন্ট গ্রহণ করলেও শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি পৌঁছায় না।

কিছু ওষুধের প্রভাবেও তৈরি হয় ঘাটতি
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন কিছু নির্দিষ্ট ওষুধ সেবনের কারণেও ভিটামিন ডি-এর মাত্রা কমে যেতে পারে। হাঁপানি, বাত, খিঁচুনি নিয়ন্ত্রণের ওষুধসহ ওজন কমানোর কিছু ওষুধ শরীরে ভিটামিন ডি-এর কার্যকারিতায় বাধা সৃষ্টি করে।

অতিরিক্ত ওজনও হতে পারে কারণ
যাদের শরীরে অতিরিক্ত মেদ রয়েছে, তাদের ক্ষেত্রে ভিটামিন ডি শরীরের চর্বিতে জমা হয়ে যায়। ফলে রক্তে প্রয়োজনীয় পরিমাণে এই ভিটামিন পৌঁছাতে পারে না। এ কারণে স্থূলকায় ব্যক্তিদের তুলনামূলক বেশি ভিটামিন ডি প্রয়োজন হতে পারে।

লিভার ও কিডনির সমস্যায়ও প্রভাব পড়ে
ভিটামিন ডি ত্বকে তৈরি হওয়ার পর লিভার ও কিডনির মাধ্যমে সক্রিয় রূপ পায়। কিন্তু এই দুটি অঙ্গ দুর্বল হলে বা ফ্যাটি লিভার, কিডনি রোগ কিংবা বয়সজনিত সমস্যায় আক্রান্ত হলে ভিটামিন ডি ঠিকভাবে কাজ করতে পারে না।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, শুধু রোদে থাকা বা ওষুধ গ্রহণ করলেই সবসময় ভিটামিন ডি ঘাটতি পূরণ হয় না। শরীরের অভ্যন্তরীণ নানা জটিলতা, জীবনযাপন ও ব্যবহৃত ওষুধও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দীর্ঘদিন ঘাটতি থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।