
অভিনয়ের পাশাপাশি চিত্রাঙ্কনে নিজের সৃজনশীলতার ছাপ রেখে চলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বিশেষ করে কাককে ঘিরে তার ভালোবাসা ও আঁকা ছবি সামাজিক মাধ্যমে প্রায়ই আলোচনার জন্ম দেয়। সম্প্রতি তিনি মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা ও কাকের প্রতি তার গভীর ভালোবাসার কথা তুলে ধরেন।
নিজের অভিনীত চলচ্চিত্র পায়ল নিয়ে তিনি অংশ নেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে লাল গালিচায় দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটাতে তিনি বেছে নেন সবুজ বেনারসি গাউন। তবে পোশাকের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তার বহুল আলোচিত ‘কাক প্রীতি’।
ভাবনা বলেন, ভালোবাসার অনুভূতি শব্দে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। পুরান ঢাকায় বেড়ে ওঠার কারণে ছোটবেলায় সবচেয়ে বেশি যে পাখিটি তিনি দেখেছেন, সেটি কাক। সেই প্রথম দেখা থেকেই পাখিটির প্রতি এক ধরনের টান অনুভব করেন তিনি, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে।
কাক নিয়ে সামাজিক মাধ্যমে হওয়া ট্রল ও নানা মন্তব্যের প্রসঙ্গেও কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, কাককে কেন্দ্র করেই তিনি নিয়মিত ছবি আঁকেন এবং বিদেশের মাটিতেও এই ভালোবাসা তুলে ধরেছেন।
তার ভাষায়, “আপনারা যে কাক নিয়ে এত কথা বলেন, আমি চাই বরং তাদের ভালোবাসুন। বারান্দায় একটু খাবার বা পানি দিন।” সমালোচকদের উদ্দেশে ভাবনা আরও বলেন, তিনি প্রতিশোধে বিশ্বাসী নন। সবকিছু তিনি সৃষ্টিকর্তা ও প্রকৃতির ওপর ছেড়ে দেন। তার বিশ্বাস, প্রকৃতির বিচারই সবচেয়ে কঠিন ও নির্ভুল।
মস্কো চলচ্চিত্র উৎসবে বেনারসি গাউন পরার সিদ্ধান্ত নিয়েও ব্যাখ্যা দেন এই অভিনেত্রী। তিনি বলেন, বিদেশের মাটিতে তিনি শুধু একজন শিল্পী নন, বরং বাংলাদেশের প্রতিনিধি হিসেবেও নিজেকে উপস্থাপন করতে চান। সবুজ বেনারসির মাধ্যমে তিনি বাংলাদেশের পতাকার আবহ তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি আরও আশা প্রকাশ করেন, দেশীয় বেনারসি শাড়ি ও বুননশিল্প যেন শুধু বিয়ের পোশাকের মধ্যেই সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক অঙ্গনেও আরও বেশি পরিচিতি ও সমাদর পায়।
আপনার মতামত লিখুন :