পুরনো স্মৃতিতে ডুব দিলেন প্রভা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
পুরনো স্মৃতিতে ডুব দিলেন প্রভা

ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে প্রবাস জীবনে ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততার মাঝেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের জীবনের নানা মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে নিয়মিত শেয়ার করে থাকেন। এবার থাইল্যান্ডের ক্রাবিতে কাটানো পুরোনো কিছু স্মৃতিময় মুহূর্তের ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই তারকা।

সম্প্রতি নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি শেয়ার করেন প্রভা। ছবিগুলোতে দেখা যায়, সমুদ্রের নীল জলরাশির মাঝে একটি নৌকায় স্বচ্ছন্দ ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বসে আছেন তিনি। হালকা নীল রঙের পোশাকে তার উপস্থিতি সমুদ্রের সৌন্দর্যের সঙ্গে মিলিয়ে এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে।

ছবিগুলোর ক্যাপশনে প্রভা লেখেন, “সমুদ্র আর আমি, পুরোনো স্মৃতিতে হারিয়ে গেছি, যেখানে প্রতিটি ঢেউকে একটি বিস্মৃত গানের মতো মনে হয়।” তার এই পোস্টে ভক্তদের মধ্যে নস্টালজিক অনুভূতি তৈরি হয় এবং অনেকেই মন্তব্যের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করেন।

একজন অনুরাগী লেখেন, “লাইফস্টাইল দেখে মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।” আরেকজন মন্তব্য করেন, “চমৎকার দৃশ্য আর দারুণ মুহূর্ত।”

সামাজিক মাধ্যমে প্রভার এই পোস্ট ঘিরে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়ে যায়। অনেকেই তার স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতির প্রশংসা করেন এবং দীর্ঘদিন পর তাকে আবার পর্দায় দেখার ইচ্ছা প্রকাশ করেন।

উল্লেখ্য, সাদিয়া জাহান প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি অসংখ্য জনপ্রিয় টেলিফিল্ম, নাটক ও বিজ্ঞাপনে কাজ করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘ভার্সন জেড’, ‘হানিমুন’, ‘ধুপ ছায়া’, ‘লাকি থার্টিন’, ‘খুনসুটি’সহ আরও অনেক জনপ্রিয় কাজ।