
চলতি বছর যেন প্রাপ্তিতেই ভরে উঠেছে নন্দিত অভিনেত্রী ববিতা-র জীবন। এরই মধ্যে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা অর্জনের পাশাপাশি পেয়েছেন ‘হুস হু’ পুরস্কার। এবার বিশ্ব মা দিবস উপলক্ষে তিনি পাচ্ছেন ‘মা পদক ২০২৬’।
আগামী ১০ মে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে। ‘আলী-রূপা ফাউন্ডেশন’-এর পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়েছে।
ববিতা বলেন, চলচ্চিত্রে অবদানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আজীবন সম্মাননা এবং একুশে পদকে ভূষিত হয়েছেন। তবে একজন মা হিসেবে এই স্বীকৃতি তার কাছে বিশেষ অনুভূতির।
তিনি বলেন, “চলচ্চিত্রে মায়ের চরিত্রে অভিনয় করেছি বহুবার। পাশাপাশি আমার একমাত্র সন্তান অনিককে মানুষের মতো মানুষ করার জন্য বিশ্ব মা দিবসে ‘মা পদক’ পাচ্ছি—এটি ভেবে সত্যিই খুব ভালো লাগছে। এজন্য আলী-রূপা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।” এ আয়োজনের উদ্যোক্তা সাংবাদিক অভি মঈনুদ্দীন। অনুষ্ঠানটি আয়োজন করছে ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’।
আয়োজকরা জানিয়েছেন, চলতি বছরে সংস্কৃতি অঙ্গনের ছয়জন, সাংবাদিকতায় দুইজন এবং ব্যাংক, আইন ও বিচার, বিমানবাহিনী ও চিকিৎসা পেশায় সফল সন্তানদের মায়েদেরসহ মোট ১২ জনকে ‘মা পদক ২০২৬’ প্রদান করা হবে। এদিকে আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রে ‘আনন্দ মেলা’র পক্ষ থেকেও আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন এই গুণী অভিনেত্রী।
আপনার মতামত লিখুন :