ছাতকে প্রবাসীর মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ


ছাতক প্রতিনিধি, লোকমান হোসেন  প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
ছাতকে প্রবাসীর মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় যুক্তরাজ্য প্রবাসী কায়েস আলীর উদ্যোগে কামার খাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে।

বুধবার (৬ মে) বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে সহকারী শিক্ষক কামরুজ্জামানের সঞ্চালনায় এবং ভূমিদাতা আমীর আলীর সভাপতিত্বে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক ও ইউপি সদস্য অজিত কুমার দাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর দেব, শিক্ষানুরাগী আনোয়ার আলী, প্রবাসী জমীর আলী এবং উদ্যোগতা কায়েস আলী। বক্তারা বলেন, প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা একটি মহৎ উদ্যোগ, যা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

এসময় বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১২৬ জন শিক্ষার্থীর মাঝে ছাতা ও মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের মাঝেও ছাতা প্রদান করা হয়। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।

অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রবাসী কায়েস আলীর এই মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করে।

স্থানীয়দের মতে, একটি ছাতা শুধু রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেয় না, বরং শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতেও সহায়ক ভূমিকা রাখে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে শিক্ষাবান্ধব সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।