ময়মনসিংহ সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উভয় বিভাগেই চ্যাম্পিয়ন দল নির্ধারিত হয়।
মঙ্গলবার (৫ মে) বিকেলে স্থানীয় সার্কিট হাউস মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
বালক বিভাগের ফাইনালে সিটি কর্পোরেশনের সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে একই ব্যবধানে (২-০) ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দাপুনিয়া ইউনিয়নের আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে। তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং দক্ষ ও মেধাবী প্রজন্ম গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু ইউসুফ খান। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।
সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায় থেকেই খেলাধুলায় অংশগ্রহণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি শৃঙ্খলা, নেতৃত্বগুণ এবং দলগত চেতনা গড়ে তোলে, যা ভবিষ্যতে তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। ফাইনাল শেষে জাতীয় সংসদ সদস্যের অনুপস্থিতিতে তার পক্ষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবু ইউসুফ খান এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন।
এ সময় উপজেলা প্রশাসন, শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মীসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলা দর্শকদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে ইউনিয়ন ও স্কুল পর্যায় অতিক্রম করে মোট ১৮০টি বিদ্যালয় অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ন হওয়া বালক ও বালিকা দল পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।
আপনার মতামত লিখুন :