রহস্য ঘনীভূত

কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : মে ৬, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
কলমাকান্দায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পাগলা ইউনিয়নের সনুড়া জসিউড়া গ্রামে নিখোঁজের দুই দিন পর ৬ বছর বয়সী শিশু জান্নাতুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় মরদেহটি পাওয়া যাওয়ায় ঘটনাটি ঘিরে এলাকায় শোকের পাশাপাশি চরম উদ্বেগ ও রহস্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে স্থানীয় এক কৃষক বাড়ির পাশের একটি পরিত্যক্ত ধানক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল (সোমবার) বিকেল থেকে জান্নাতুল নিখোঁজ ছিল। ওইদিন থেকেই পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে আশপাশের পুকুর ও জলাশয়েও তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়।

স্বজনদের দাবি, শিশুটির মরদেহ উদ্ধারের সময় তার মুখ গামছা দিয়ে বাঁধা ছিল, যা দেখে অনেকেই এটিকে স্বাভাবিক মৃত্যু নয় বলে সন্দেহ করছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।