কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত হাওর-খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক


কলমাকান্দা উপজেলা প্রতিনিধি, জুয়েল  প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত হাওর-খাল পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারী বৃষ্টিপাতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হাওর ও খাল এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার খারনৈ ইউনিয়নের চিকন মাটিয়া, তেলেঙ্গা ও মেদি বিলসহ দমদমা খাল এলাকা সরেজমিনে ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, সমাজসেবক মজিবুর রহমান এবং প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মহাপরিচালক রেজওয়ানুর রহমান জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইতোমধ্যে সরকারি ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে এবং তা পর্যায়ক্রমে আরও জোরদার করা হবে। তিনি বলেন, ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে জিআর নগদ সহায়তা ও চাল বিতরণ কার্যক্রম চালু করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত হাওর ও খাল পুনর্বাসন এবং কৃষকদের সহায়তায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে।