৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া কার্ডের অন্তর্ভুক্ত করা হবে : আমিনুল হক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
৫০০ জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া কার্ডের অন্তর্ভুক্ত করা হবে : আমিনুল হক

দেশের খেলাধুলার উন্নয়নে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, পর্যায়ক্রমে ৫০০ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া কার্ড ও ভাতার আওতায় আনা হবে, যাতে খেলোয়াড়রা আর্থিক নিরাপত্তা ও পেশাগত স্বীকৃতি পান।

সোমবার (৪ মে) বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়-এ অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া কার্ড প্রদান করা হয়েছে এবং বাকি খেলোয়াড়দেরও ধাপে ধাপে এই সুবিধার আওতায় আনা হবে। তিনি বলেন, সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা দিতে এবং খেলোয়াড়দের আর্থিক সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।

খেলাধুলার প্রসারে শিক্ষাব্যবস্থায় নতুন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। জানান, আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে এবং প্রতিটি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণদের মধ্যে ডিভাইস-নির্ভরতা কমাতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জয়-পরাজয় নয়, সুস্থ জীবন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও জানান, পাবলিক ও প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এ ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিরা। এবারের প্রতিযোগিতায় দেশের ২১টি বিশ্ববিদ্যালয় অংশ নিয়েছে এবং মোট ৩০টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৬ মে পর্যন্ত।