সুনামগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি কর্মসূচি শুরু


​সুনামগঞ্জ প্রতিনিধি, শফিকুল বারী প্রকাশের সময় : মে ৫, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকারি কর্মসূচি শুরু

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় বিশেষ কর্মসূচি শুরু করেছে সরকার। মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার ও সহায়তা সামগ্রী তুলে দেওয়া হয়। তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করা হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত ভুক্তভোগীরা যেন সহায়তা থেকে বঞ্চিত না হন।

তিনি আরও বলেন, হাওরের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শুরু থেকেই উদ্বিগ্ন এবং সরেজমিনে বাস্তব চিত্র দেখতে সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। ভবিষ্যতে হাওর উন্নয়নে অনিয়ম বা দুর্নীতির সুযোগ থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বিশেষ অতিথি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও বৈজ্ঞানিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যাতে কৃষকরা টেকসইভাবে উৎপাদন চালিয়ে যেতে পারেন।

বিভাগীয় কমিশনার আপ্তাবুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, নুরুল ইসলাম নুরুল ও কামরুজ্জামান কামরুল, বিএনপি নেতা আকবর আলী অ্যাডভোকেট শেরেনুর আলীসহ অন্যান্যরা।

পরে দুপুর সোয়া দুইটায় অতিথিরা খরচার হাওরে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা বিতরণ করেন। এ সময় স্থানীয় কৃষকরা সরকারের উদ্যোগকে স্বাগত জানালেও স্থায়ী জলাবদ্ধতা ও অকাল বন্যা থেকে রক্ষায় দীর্ঘমেয়াদি সমাধানের দাবি জানান।