
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সংবাদকর্মী লাঞ্ছনা ও দুর্ব্যবহারের শিকার হয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে সোমবার (৪ মে), যখন ‘সুনামগঞ্জ বার্তা’র প্রতিবেদক শিমন চৌধুরী হাসপাতালের সেবার মান ও বিভিন্ন অনিয়মের চিত্র ধারণ করছিলেন। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে হাসপাতালের কিছু অসাধু কর্মচারী তার ওপর চড়াও হন। তারা তার সঙ্গে অশোভন আচরণ করেন এবং জোরপূর্বক তার ব্যবহৃত স্মার্টফোনটি ছিনিয়ে নেন।
পরবর্তীতে ফোনে ধারণ করা ভিডিও মুছে ফেলার পাশাপাশি সেটি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার পর বিষয়টি ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিনের কাছে লিখিতভাবে জানানো হলে তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, গণমাধ্যমকর্মীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :