
ভারতে নির্বাচনের ফল প্রকাশের উত্তেজনার মাঝেই ব্যক্তিগত জীবনে গভীর শোক নেমে এসেছে টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেবের পরিবারে। সোমবার (৪ মে) সকালে তার দীর্ঘদিনের প্রিয় পোষ্য কুকুর ‘লাকি’ মারা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে বহু বছর ধরে লালিত-পালিত হচ্ছিল লাকি। পরিবারের সদস্যের মতোই হয়ে ওঠা এই পোষ্যের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন দেব।
ব্যস্ত রাজনৈতিক ও চলচ্চিত্র জীবনের মাঝেও পোষ্যদের জন্য আলাদা সময় রাখতেন এই অভিনেতা-রাজনীতিবিদ। বিশেষ করে লাকি ছিল তার অত্যন্ত প্রিয়। বিদেশ সফর থেকে ফিরে পোষ্যদের সঙ্গে সময় কাটানো এবং তাদের সঙ্গে খেলার মুহূর্তগুলো তিনি প্রায়ই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন।
লাকির মৃত্যুর পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন দেব। তিনি লেখেন, “তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার ছিলিস, লাকি। শান্তিতে থাক। আবার খুব তাড়াতাড়ি ফিরে আয়।” তার এই বার্তায় ভক্তদের মধ্যেও আবেগ ছড়িয়ে পড়ে।
শুধু বাড়িতেই নয়, শুটিং সেটেও প্রায়ই লাকিকে সঙ্গে রাখতেন দেব। তার অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কিডন্যাপ’-এর একটি গানের মহড়ার সময়ও লাকি তার পাশে ছিল বলে জানা যায়।
লাকির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ভক্তরা শোক ও সমবেদনা প্রকাশ করছেন। অনেকেই দেবের প্রতি সমর্থন জানিয়ে এই কঠিন সময়ে তাকে মানসিকভাবে শক্ত থাকার আহ্বান জানিয়েছেন। ব্যক্তিগত জীবনের এই ক্ষতি অভিনেতা দেবের জন্য গভীর শোকের মুহূর্ত তৈরি করেছে বলে মনে করছেন তার ঘনিষ্ঠজনরা।
আপনার মতামত লিখুন :