
সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় আব্দুল হক নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার রাত প্রায় ১০টার দিকে মঈনপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাটাশলা গ্রামের বাসিন্দা আব্দুল হক দোলার বাজার শরিষপুর থেকে বাড়ি ফেরার পথে মঈনপুর এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।এ ঘটনাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ হিসেবে পরিচিত এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :