গরমে শসা খাওয়ার সঠিক উপায় জানলে মিলবে বাড়তি পুষ্টি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৪, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
গরমে শসা খাওয়ার সঠিক উপায় জানলে মিলবে বাড়তি পুষ্টি

গ্রীষ্মের তীব্র গরমে শরীর সুস্থ রাখতে শসা অত্যন্ত উপকারী একটি খাদ্য। ভাত, রুটি কিংবা মুড়ির সঙ্গে শসা খাওয়া বাঙালির দৈনন্দিন খাদ্যাভ্যাসের একটি পরিচিত অংশ। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক পদ্ধতিতে শসা না খেলে এর পূর্ণ পুষ্টিগুণ পাওয়া যায় না।

শসায় প্রায় ৯৫ থেকে ৯৬ শতাংশ পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে কার্যকর ভূমিকা রাখে। এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করার পাশাপাশি ভিটামিন সি ও বিটা-ক্যারোটিনের মতো উপাদানের মাধ্যমে সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। এছাড়া শসায় থাকা খাদ্যআঁশ কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং কম ক্যালোরির কারণে ওজন নিয়ন্ত্রণেও কার্যকর।

অনেকেই শসা খাওয়ার আগে এর খোসা ফেলে দেন, যা পুষ্টিবিদদের মতে ভুল অভ্যাস। শসার খোসাতেই থাকে অধিকাংশ ফাইবার, সিলিকা, ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে খোসা ছাড়িয়ে খেলে এর পুষ্টিগুণ অনেকাংশে কমে যায়।

খোসাসহ শসা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয় এবং অন্ত্রের কার্যক্রম স্বাভাবিক থাকে। পাশাপাশি খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে ও অক্সিডেটিভ স্ট্রেস হ্রাসে সহায়তা করে।

তবে শসা খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। প্রয়োজনে হালকা গরম পানি ও নরম ব্রাশ দিয়ে ধুয়ে নেওয়া যেতে পারে। খাওয়ার আগে দুই প্রান্ত কেটে সামান্য লবণ ছিটিয়ে খেলে শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। সঠিক নিয়মে শসা খাওয়ার অভ্যাস গড়ে তুললে গরমে সুস্থ থাকা অনেকটাই সহজ হয়ে উঠবে।