ভালুকায় বাঁকা ও কুচখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ৩, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
ভালুকায় বাঁকা ও কুচখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহের ভালুকা উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় “বাঁকা খাল” ও “কুচখালী খাল” পুনঃখননের এ উদ্যোগ নেওয়া হয়।

রোববার (৩ মে) দুপুরে উপজেলার সোয়াইল শান্তির বাজার এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, মল্লিকবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান এবং উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং একই সঙ্গে স্থানীয় অতিদরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।