ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৬, ২০২৬, ৫:১৬ অপরাহ্ণ
ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের হুমকি নেই। ঈদকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার জাতীয় ঈদগাহ প্রাঙ্গন পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক জানান, ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একইসঙ্গে র‌্যাব সদস্যরা নিজ নিজ এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছেন।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ ঈদের জামাতগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মোবাইল চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সারাদেশে নিরাপত্তা নজরদারি বাড়ানো হয়েছে।

ঈদকে কেন্দ্র করে কালোবাজারি, অবৈধ মজুদ, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল ও নকল পণ্য বাজারজাতের মতো অপরাধ ঠেকাতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে।

র‌্যাব মহাপরিচালক আরও বলেন, ঈদের সময় শহরে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এ কারণে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন নিরাপত্তা চৌকি ও টহল বাড়ানো হয়েছে।

তিনি বলেন, মানুষ যাতে নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে র‌্যাব সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও টহল অব্যাহত থাকবে।