
খুলনার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের পুটিমারী বাজারে ব্যবসায়ী নেতাকে গুলিবিদ্ধ করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেল ৫টার দিকে পুটিমারী বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বাজার কমিটির সভাপতি মোঃ মাছুম বিল্লাহ ও মোঃ জাহিদ গুরুতর আহত হওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বাজারে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজার কমিটির কোষাধ্যক্ষ মোঃ ওসমান শেখ, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য খোকন সরদার, রিয়াজুর ইসলাম, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম ও সন্দীপ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও অংশ নেন।
আপনার মতামত লিখুন :