নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
নোয়াখালীতে আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নোয়াখালীর চাটখিল উপজেলার আলোচিত শিশু আসমা আক্তার হত্যা মামলার রায় আজ (২৪ মে) ঘোষণা করা হবে। দীর্ঘ চার বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে নিহত শিশুটির পরিবার ও স্থানীয়রা আসামির সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন।

নোয়াখালীর শিশু ধর্ষণ ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার-এর আদালতে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. সেলিম শাহী

নিহত আসমা আক্তার নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির মাওলানা মো. শাহজাহানের মেয়ে। মামলার একমাত্র আসামি শাহাদাত একই বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে ভিকটিমের চাচাতো ভাই।

মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু আসমা। নিখোঁজের নয় দিন পর আসামি শাহাদাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংকি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর পুলিশ শাহাদাতকে গ্রেপ্তার করে। তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানান, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মরদেহ গোপন করতে সেপটিক ট্যাংকিতে ফেলে রাখেন।

আসমা হত্যার ঘটনায় সে সময় পুরো নোয়াখালীজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়রা শুরু থেকেই দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবি জানিয়ে আসছেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজকের রায়কে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। নিহত আসমার পরিবার বলছে, তারা ন্যায়বিচারের প্রত্যাশায় চার বছর ধরে অপেক্ষা করছেন এবং আদালতের রায়ে দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা করছেন।