
লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে রাজধানীতে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এ ঘটনায় লা-অর্গানিককে জরিমানা করা হয়েছে এবং প্রকৃতি ফুডকে সিলগালা করা হয়েছে।
শনিবার (২৩ মে) বিএসটিআই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে।
বিএসটিআইয়ের তথ্য অনুযায়ী, রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে দেখা যায়, লা-অর্গানিক নামের প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করছিল।
এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়।
অন্যদিকে, রামপুরা বাজার এলাকায় অবস্থিত প্রকৃতি ফুড নামের প্রতিষ্ঠানটি লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই সেরেলাক্স পণ্য বিক্রি করছিল বলে জানায় বিএসটিআই। এ কারণে প্রতিষ্ঠানটির প্রায় ৫ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এবং অবৈধ উৎপাদন ও বিপণন রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ। অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোহাম্মদ মাজহারুল ইসলাম, ফিল্ড অফিসার ফারদিন ইসলাম এবং পরীক্ষক আহসান হাবীব খান উপস্থিত ছিলেন। এছাড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন) সার্বিক সহযোগিতা প্রদান করে।
আপনার মতামত লিখুন :