শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বুধহাটায় মানববন্ধন


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বুধহাটায় মানববন্ধন

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২২ মে) দুপুর ২টায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বুধহাটা বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দেশে ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এসময় বক্তব্য দেন আশাশুনি উপজেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বুধহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন, বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব, বুধহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বুধহাটা দরগা মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম, বুধহাটা ওয়ার্ড জামায়াত সভাপতি আবুল কালাম আযাদ, আজহারুল ইসলাম, যুব বিভাগের সেক্রেটারি মোখলেসুর রহমান, ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর শাখার সভাপতি অলিউল ইসলাম এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহসিন শরীফসহ অনেকে।