বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা

বন্ধ কলকারখানা পুনরায় চালু করা এবং দেশের অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের মাধ্যমে বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উৎপাদনশীল খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গভর্নর মোস্তাকুর রহমান। তিনি তহবিলের বিস্তারিত কাঠামো ও অর্থায়ন প্রক্রিয়া তুলে ধরেন।

গভর্নর জানান, এই বিশেষ তহবিলের আওতায় সরকার ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে এবং গ্রাহকরা ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন। মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা সরবরাহ করবে বাণিজ্যিক ব্যাংকগুলো এবং বাকি ১৯ হাজার কোটি টাকা আসবে পুনঃঅর্থায়ন তহবিল থেকে।

তিনি আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। তহবিলের আওতায় বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর পাশাপাশি কৃষি, তৈরি পোশাক, সিএমএসএমই এবং পরিবেশবান্ধব ও সৃজনশীল (ক্রিয়েটিভ) অর্থনৈতিক খাতেও ঋণ ও অর্থায়ন দেওয়া হবে। এতে জিডিপি প্রবৃদ্ধি বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

সংবাদ সম্মেলনে গভর্নর আরও বলেন, “দেশ থেকে ৫ লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে। ঋণের এক-তৃতীয়াংশ নাই হয়ে গেছে। এসবের বিপরীতে পর্যাপ্ত সম্পদ নেই।” বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে অর্থনীতিবিদরা ইতিবাচক হিসেবে দেখলেও, এর বাস্তবায়ন ও তদারকি কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্নও উঠছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।