দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে। জনগণকে সজাগ থাকতে হবে। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।” শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়। তবে রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শুনিনি, তারা এখন সোচ্চার হয়ে উঠেছে। তারা ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে তলে তলে খাতির জমিয়েছে।”

তিনি আরও বলেন, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের জনমুখী কর্মসূচি বাধাগ্রস্ত হবে এবং এর ক্ষতি সাধারণ মানুষকেই বহন করতে হবে। তাই যারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, তাদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “সঠিক বিচারকে যারা বাধাগ্রস্ত করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে— তাদের ব্যাপারেও সবাইকে সজাগ থাকতে হবে।”

বিএনপির পরিকল্পনা নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে জনগণ যেকোনো ষড়যন্ত্র রুখে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তার ভাষায়, “মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।”

দেশকে নিজের সম্পদের মতো রক্ষা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “নিজের ক্ষেত-খামার, নিজের ঘরবাড়ি যেভাবে মানুষ নিজে গড়ে তোলে, দেশটাও আমাদের সবার। এখানে উপস্থিত প্রত্যেকেই এই দেশের অংশীদার, এই দেশের মালিক।” তিনি আরও বলেন, “আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের স্বার্থ আমরাই রক্ষা করব। যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।”