হোটেল থেকে আটক ডিবি পুলিশের অভিযান

মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার


মাদারীপুর জেলা প্রতিনিধি, প্রণব কুমার সাহা প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ
মাদারীপুরে অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেফতার

মাদারীপুরে অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত শুক্রবার রাতে শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—ভোলা জেলার সদর উপজেলার পশ্চিম ইলিশা গ্রামের শাহ আলম মিজির ছেলে মো. কালাম হোসেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মোল্লাদী গ্রামের রশিদ মোল্লার ছেলে মো. জাহাঙ্গীর মোল্লা এবং মাদারীপুর সদর উপজেলার চরমুগুরিয়া গুচ্ছগ্রাম এলাকার মৃত সিরাজুল হাওলাদারের ছেলে মো. জাকির হাওলাদার।

শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।

এসময় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আবু নাইম, এসআই মো. মনিরুজ্জামান, এসআই কামরুল হক, এএসআই সোহেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।