সাতক্ষীরায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : মে ২১, ২০২৬, ৬:৩১ অপরাহ্ণ
সাতক্ষীরায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শিশু রামিসা আক্তারের ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে দ্রুত বিচার এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাতক্ষীরার বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থী, যুবক-যুবতীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সহ-সভাপতি রাহাতুল ইসলাম বাপ্পা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার সাবেক সহ-সভাপতি মিলন বিশ্বাস, অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপায়ারার প্রিয়াংকা সেন মৌ, ছাত্রনেতা আল ইমরান ইমু, বখতিয়ার হোসেন, সাতক্ষীরা ইয়ুথ অ্যালায়েন্সের সভাপতি মুশফিকুর রহমান, ইয়ুথ হাবের উপদেষ্টা সাকিব হোসেন, আমরা বন্ধুর সদস্য সাকিবুল হাসান, ধর্ষণ প্রতিরোধ মঞ্চের উম্মে ফোয়ারা, প্রান্তিক যুব সংঘের সদস্যবৃন্দ এবং সিডোর প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব পানি কমিটির সভাপতি মো. হোসেন আলী।

বক্তারা বলেন, শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া নৃশংসতা পুরো সমাজকে নাড়া দিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সমাজে এ ধরনের অপরাধ বাড়বে, তাই শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পরিবার ও সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।