
প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ ইবোলার টিকা বাজারে আসতে আরও প্রায় ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) উপদেষ্টা ড. ভাসি মূর্তি।
বুধবার (২০ মে) সুইজারল্যান্ডের জেনেভায় ডব্লিউএইচও সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ড. ভাসি মূর্তি বলেন, ইবোলা ভাইরাসের বুন্ডিবুগিও প্রজাতির বিস্তার ঠেকাতে বর্তমানে দুটি সম্ভাব্য ভ্যাকসিন প্রার্থী (ক্যান্ডিডেট ভ্যাকসিন) নিয়ে গবেষণা চলছে। তবে এগুলো এখনো ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে পৌঁছায়নি। সম্পূর্ণ প্রস্তুতি ও ট্রায়াল শেষ করে টিকা বাজারে আনতে অন্তত ৯ মাস সময় প্রয়োজন হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ইবোলার সংক্রমণ উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস জানিয়েছেন, এ পর্যন্ত দেশটিতে ইবোলা-সংশ্লিষ্ট উপসর্গে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৬০০ জনের মধ্যে সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে।
ড. মূর্তি আরও জানান, এখন পর্যন্ত ৫১ জন রোগীর শরীরে ইবোলা ভাইরাস নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের সবাই কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি ও উত্তর কিভু প্রদেশের বাসিন্দা। পাশাপাশি প্রতিবেশী উগান্ডার রাজধানী কামপালায়ও দুইজন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে কঙ্গোর পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ডব্লিউএইচও গত ১৭ মে বিশ্বব্যাপী জরুরি সতর্কতা জারি করে। তবে সংস্থাটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ভ্যাকসিন উন্নয়ন ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
আপনার মতামত লিখুন :