
পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে আগামী ৩১ মের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এছাড়া পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।
এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীরা একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের নাম উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে।
ঈদযাত্রা ঘিরে বাড়তি চাপ সামাল দিতে আগেই বিশেষ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেই পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুনের ট্রেনের টিকিট বিক্রি হবে ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি করা হবে ২৫ মে।
রেলওয়ে আরও জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা কোনো টিকিট ফেরত নেওয়া হবে না। ফলে যাত্রীদের টিকিট কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিবছরের মতো এবারও ঈদকে কেন্দ্র করে ট্রেনের টিকিটের চাহিদা ব্যাপক বেড়েছে। অনলাইনে টিকিট বিক্রি শুরুর পরপরই যাত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই নির্ধারিত সময়ের আগেই অনলাইনে অপেক্ষায় থাকেন কাঙ্ক্ষিত টিকিট সংগ্রহের জন্য। রেল কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ নজরদারি ও ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :