অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে সতর্ক করে ৫টি চিঠি দেওয়া হয়েছিল: ইউনিসেফ

অন্তর্বর্তী সরকারের সময় সম্ভাব্য টিকা সংকট নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে একাধিকবার সতর্ক করেছিল জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটি অন্তত পাঁচটি চিঠি পাঠানোর পাশাপাশি ১০টি বৈঠকে বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় বলে জানিয়েছেন ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

বুধবার (২০ মে) দুপুরে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, টিকা ক্রয়প্রক্রিয়ায় পরিবর্তন আনার কারণে সময়মতো টিকা দেশে পৌঁছায়নি, যা সংকট তৈরি করেছে বলে ইউনিসেফের পর্যবেক্ষণ।

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা এই সংবাদ সম্মেলনে তিনি টিকা সংকটের কারণ, সংকট মোকাবিলায় ইউনিসেফের ভূমিকা এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বারবার উল্লেখ করেন, হামজনিত শিশুমৃত্যু অত্যন্ত দুঃখজনক।

রানা ফ্লাওয়ার্স জানান, ইতোমধ্যে ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় টিকা কিনতে পারে, তবে এতে সময় বেশি লাগে। অন্যদিকে ইউনিসেফের মাধ্যমে দ্রুত টিকা সংগ্রহ করা সম্ভব। তিনি টিকা সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ইউনিসেফ সবসময় সত্যের পক্ষে অবস্থান নেয় এবং প্রয়োজনে তদন্তে সহযোগিতা করবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি টিকাদান ব্যবস্থায় মজুত নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন এবং ভবিষ্যতে সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হামে ৬০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু। এদের মধ্যে ৪৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, গত কয়েক বছরে টিকাদান কার্যক্রমে ধীরগতি ও ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে এবার হামের বড় ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে ইউনিসেফ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। এর আগে ইউনিসেফের ভারপ্রাপ্ত বাংলাদেশ প্রতিনিধি স্ট্যানলি গুয়াভুইয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হামের বিষয়ে সংস্থাটি সরকারকে আগেই সতর্ক করেছিল।