চকরিয়ায় সেনা কর্মকর্তা নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন


কক্সবাজার প্রতিনিধি, মোহাম্মদ নোমান প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
চকরিয়ায় সেনা কর্মকর্তা নির্জন হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২০ মে) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (৫ম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— হেলাল উদ্দিন, নুরুল আমিন, নাছির উদ্দিন ও মোরশেদ আলম। এদের মধ্যে মোরশেদ আলম পলাতক রয়েছেন বলে জানা গেছে। দণ্ডপ্রাপ্তদের সবার বাড়ি চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত এলাকায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরে সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম চৌধুরী জানান, দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও আলামত পর্যালোচনার ভিত্তিতে আদালত এ রায় দিয়েছেন। একই ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলাতেও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আদালত সূত্র জানায়, মামলায় মোট ১৮ জনকে আসামি করা হয়েছিল। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। তদন্ত চলাকালে কয়েকজনের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দেওয়া হয় এবং নতুন কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে অংশ নিতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে হত্যা মামলা দায়ের করা হয়। পাশাপাশি অস্ত্র আইনেও পৃথক মামলা করা হয়। পরে চকরিয়া থানা পুলিশ মামলার তদন্তভার গ্রহণ করে।

রায়ের পর নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।