দীর্ঘ প্রতীক্ষার অবসান: মহান্দী-কাশিমনগর সড়ক সংস্কার কাজের উদ্বোধন


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : মে ২০, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
দীর্ঘ প্রতীক্ষার অবসান: মহান্দী-কাশিমনগর সড়ক সংস্কার কাজের উদ্বোধন

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা মহান্দী–কাশিমনগর সড়কের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সড়কটির দুরবস্থার কারণে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে চরম ভোগান্তিতে ছিলেন। অবশেষে সেই দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি কপিলমুনি ও কাশিমনগর কেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হাজরাকাটী, মহান্দী, নলতা, খলিলনগর, পাঁচমাতা এলাকার মানুষের পাশাপাশি কপিলমুনি বাজারকেন্দ্রিক ব্যবসায়ীদের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ সকাল ১০টায় মহান্দী–কাশিমনগর সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেন তালা–কলারোয়া-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্র নাথ হালদার, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গাজী সোজায়েত আলী, মাওলানা আকবর আলী, বিএনপি নেতা শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সড়কটির সংস্কার সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।