পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো চক্রের আস্তানায় ডিবির অভিযান, আটক ৮


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো চক্রের আস্তানায় ডিবির অভিযান, আটক ৮

রংপুরের পীরগঞ্জ উপজেলা-এ অনলাইন ক্যাসিনো ও জুয়া পরিচালনার অভিযোগে একটি আস্তানায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারের দক্ষিণ পাশে মাদ্রাসা মোড় সংলগ্ন একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এসআই (নিঃ) অমিত পার্থ সরকারের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে ৮ জনকে আটক করা হয়।

আটকরা হলেন— মো. জাকারিয়া ইসলাম জিম, মো. জাহিদ হাসান, মো. আরিফ বিল্লাহ, মো. আল মাসুদ শেখ, সুজন চন্দ্র সাহা, মো. হাদিউল আলম, মো. জিশান মণ্ডল এবং মো. রাব্বি প্রধান।

অভিযানকালে তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি কম্পিউটার মনিটর, একটি সিপিইউ, ১৩টি স্মার্টফোন ও ২৬টি সিম কার্ড জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর বিভিন্ন ধারায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও কয়েকজন পলাতক রয়েছে, যার মধ্যে হীরা প্রধানসহ ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তি রয়েছে বলে জানানো হয়েছে।