স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৮, ২০২৬, ৭:৩৬ অপরাহ্ণ
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনে এবার দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্বগ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের প্রার্থীর পক্ষে অবস্থান নিচ্ছে, যা নির্বাচনকে উত্তপ্ত করে তুলতে পারে। তিনি বলেন, “আমরা চাই একটি ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে উঠুক। শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।”

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিজেদের মধ্যে আলোচনা করে রক্তপাতহীন নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। অতীতে স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার অনেক ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘাত দেখা দেয়, যা অত্যন্ত দুঃখজনক।

সিইসি আরও বলেন, একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের একার দায়িত্ব নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, নির্বাচন কমিশন সবসময় নিরপেক্ষতা ও আইন মেনে কাজ করছে। “অনেক বড় বড় নেতা ফোনে কথা বলতে চাইলেও আমি গ্রহণ করিনি। সবাইকে অফিসে এসে কথা বলার নিয়ম বজায় রেখেছি,” বলেন সিইসি।

তিনি আরও বলেন, আইন-কানুন মেনে চলা এবং নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাকেই তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন। তার ভাষায়, “দিনশেষে সবাইকে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে।”