নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া

‘নিষিদ্ধ ঘোষিত’ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জে চারটি ইউনিটের নতুন কমিটি ঘোষণা করেছে। শনিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন ঘোষিত ইউনিটগুলো হলো— সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর উপজেলা, সিরাজগঞ্জ পৌর এবং সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। এসব কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

৮৮ সদস্যের সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে রবিউল ইসলাম রুবেলকে সভাপতি এবং আল-আমিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে ৫৯ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এছাড়া একজন করে প্রচার ও দপ্তর সম্পাদক রাখা হয়েছে।

৬ সদস্যের সিরাজগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগ কমিটিতে রেজাউল করিম রাব্বিকে সভাপতি ও রাসেল সেখ আলীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে মিজানুর রহমান সম্রাট সহ-সভাপতি এবং রেদুয়ান রাফি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

২৫ সদস্যের সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের কমিটিতে শিপন আহসান কাব্য সভাপতি এবং আলামিন সরকার হিমেল সাধারণ সম্পাদক হয়েছেন। অন্যদিকে ২২ সদস্যের সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটিতে জীবন সেখকে সভাপতি ও জিম আহম্মেদ আকাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এদিকে নতুন কমিটি ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ বলেন, নিষিদ্ধ ও জনবিচ্ছিন্ন একটি সংগঠনের এমন কমিটি ঘোষণা “হাস্যকর ও বাস্তবতাবিবর্জিত”। তার দাবি, সংগঠনটি এখন মূলত সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর কর্মকাণ্ড চালাচ্ছে এবং এসব কার্যক্রম জনগণ গ্রহণ করবে না।