
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)সহ মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১৬ মে) রাতে মিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপপরিদর্শক (এসআই) সামছুদ্দোহারের নেতৃত্বে এসআই মামুন মিয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) জান্নাতুল বাকীসহ পুলিশের একটি দল বিশেষ এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি।
ওসি আরও বলেন, আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, মাদক সংগ্রহ ও সরবরাহের নেটওয়ার্ক এবং কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীতে অস্ত্র ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :