সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, বনদস্যু বাহিনীর দুই সদস্য আটক


বাগেরহাট প্রতিনিধি, নূরুল হুদা প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৪:২১ অপরাহ্ণ
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, বনদস্যু বাহিনীর দুই সদস্য আটক

সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যু করিম-শরীফ বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গুলিসহ জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার বাগেরহাটের মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মো. রবিউল শেখ (৩০) এবং মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)।

কোস্ট গার্ডের দাবি, আটক দুজনই বনদস্যু করিম-শরীফ বাহিনীর সক্রিয় সদস্য। তাদের মধ্যে রাজন শরীফ বাহিনীর দ্বিতীয় শীর্ষ সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি ও জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।

সংবাদ সম্মেলনে কোস্ট গার্ড জাহাজ ‘তৌফিক’-এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম ইমন জানান, রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের ঢাংমারী খাল এলাকায় দস্যু বাহিনীর সদস্যরা অবস্থান করছে। পরে রোববার ভোরে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় সেখানে বিশেষ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। এ সময় একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি জিম্মি থাকা চার জেলেকেও উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।