অনেকটা সুস্থ মির্জা আব্বাস, ফিরবেন কবে জানালেন স্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
অনেকটা সুস্থ মির্জা আব্বাস, ফিরবেন কবে জানালেন স্ত্রী

মির্জা আব্বাস মালয়েশিয়ার কুয়ালালামপুর-এ চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস। তিনি জানান, সবকিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহে মির্জা আব্বাস দেশে ফিরতে পারেন।

শনিবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যায় কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার-এ প্রবাসী সাংবাদিকরা তার চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, মির্জা আব্বাস বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থাকে আগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে প্রয়োজনীয় বিশ্রাম ও পুনর্বাসন চিকিৎসা দেওয়া হচ্ছে।

আফরোজা আব্বাস বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার স্বামীর চিকিৎসা নিয়মিত পর্যবেক্ষণে চলছে। তিনি জানান, প্রতিদিনই তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং চিকিৎসক দল অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসকের নির্দেশে তিনি কিছু সময় হুইলচেয়ারে চলাফেরাও করছেন।

এ সময় হাসপাতাল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনের প্রবাসী নেতাকর্মীরা তাকে দেখতে হাসপাতালে যান এবং তার সঙ্গে সাক্ষাৎ করেন। নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জসিমউদদীন, হেলাল শিকদার, শেখ আসাদুজ্জামান মাসুমসহ অন্যান্যরা। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন।