সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো যে দুই দেশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো যে দুই দেশ

মুসলিম বিশ্বের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা-র তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়াতুরস্ক। দেশ দুটির ঘোষণায় বলা হয়েছে, আগামী ২৭ মে তাদের দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার তারিখ ঘোষণা করল তিউনিসিয়া।

আরবি বর্ষপঞ্জি অনুযায়ী আগামী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন ধরা হচ্ছে। সে হিসাবে জিলহজের ১০ তারিখে, অর্থাৎ ২৭ মে পালিত হবে কোরবানির ঈদ। তুরস্ক সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর না করে আধুনিক বৈজ্ঞানিক ও জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ধর্মীয় উৎসবের তারিখ নির্ধারণ করে থাকে। এবারও সেই পদ্ধতিতেই ঈদের তারিখ নির্ধারণ করেছে দেশটি।

অন্যদিকে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি-ভিত্তিক এই প্রতিষ্ঠান আরও জানিয়েছে, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চল থেকে খালি চোখে না হলেও উন্নত দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।

আইএসি’র পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ মে বিশ্বের অধিকাংশ দেশে একযোগে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ভিন্নতার কারণে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ পালিত হয়, তবে এবার বৈজ্ঞানিক হিসাব বলছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রায় একই সময়ে কোরবানির ঈদ উদযাপিত হতে পারে।